ইন্টারনেটকে সুরক্ষিত রাখার শপথ
ইন্টারনেটকে সুরক্ষিত রাখতে, নিজে নিরাপদ থাকতে, অন্যকে নিরাপদ রাখতে হাজারো তরুণকে শপথ করান শপথ পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে উপস্থিত তরুণরা এই শপথ করেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কে এম রহমতুল্লাহ, ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, সংসদ সদস্য ও পপ সঙ্গীত শিল্পী মমতাজ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
শপথে ইন্টারনেটকে নিরাপদ করতে সবাইকে একসঙ্গে কাজ করার অঙ্গিকার করা হয়। প্রতিজ্ঞা করা হয়, ইন্টারনেটে এমন কোনো কিছু শেয়ার করা হবে না যার ফলে অন্য কেউ অসুবিধায় পড়েন, ক্ষতিগ্রস্ত হন। তাই কোনো কিছু শেয়ারে আগে তা যাচাই করতে হবে।
সমস্বরে প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইন্টারনেটকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাব। ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে জানব, মানব ও অন্যদের উদ্বুদ্ধ করব। …সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে সামাজিক মূল্যবোধ বজায় রাখবো। ভিন্ন মতামত, বিশ্বাস, ধর্ম ও সম্প্রদায়ের প্রতি অবমাননাকর পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকব। .....সচেতন নাগরিক হিসেবে ইন্টারনেটে ব্যবহারে আগামীর বাংলাদেশ গঠনে দায়িত্ব পালন করে যাব। একেকটি সঠিক ক্লিকে দেশকে এগিয়ে নিয়ে যাব।”